২০১৬ সালে উয়েফা ইউরোতে অংশগ্রহণ করার লক্ষ্যে স্পেনের খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা বিবেচনা করে ঘরোয়া আসর লা লিগার শীতকালীন দুই সপ্তাহের বিরতি কমিয়ে ফেলা হয়েছে।
বার্সেলোনার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের কারণে গত সপ্তাহেই লীগ কর্তৃপক্ষ সূচীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। এ কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে এবারের মৌসুম শেষ হতে চলেছে।
নতুন সূচী অনুযায়ী আগামী বছরের ২২ মে লা লিগা মৌসুম শেষ হবে। এ নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মত শোনা যাচ্ছে।
স্প্যানিশ জাতীয় দলের কোচ ভিসেন্টে ডেল বস্ক ইতোমধ্যেই এর কড়া সমালোচনা করেছেন। আগামী ২০ জুন থেকে যেহেতু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে, তাই খেলোয়াড়দের ক্লান্তির কথা বিবেচনা করে শিরোপা ধরে রাখার মিশনে ডেল বস্ক লা লিগা নতুন সূচী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে পরবর্তীতে খেলোয়াড় ইউনিয়ন (এএফই), লীগ কমিটি এবং ফেডারেশনের যৌথ সভায় আবারো বিষয়টি নিয়ে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব নির্ধরিত সূচী অনুযায়ী প্রতি বছরের মত লীগের কার্যক্রম ১৫মে শেষ হচ্ছে। কোপা ডেল রে’র ফাইনালও তার নির্ধারিত তারিখ ২১মে’তেই ফিরে এসেছে।
স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে পেশাদার ফুটবলারদের জন্য বড়দিনের যে বিরতি ছিল সেখান থেকে ছুটি কমিয়ে আমরা পুরো সূচীকে পুনর্বিন্যস্ত করেছি। এর ফলে ডেল বস্ক ইউরো ২০১৬’র প্রস্তুতিতে যথেষ্ট সময় হাতে পাবেন।
জেডআই





