আগামী জুনে প্রথম সন্তানের বাবা হবেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। তাই ঐসময় অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না তিনি। এ ব্যাপারে অসি কোচ ড্যারেন লেহম্যানকে অবগত করেছেন হ্যারিস।
ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে জায়গা হয়নি হ্যারিসের। তাই সুস্থতার জন্য বেশ কিছুদিন বিশ্রামও পেলেন তিনি। তবে সেই বিশ্রামের পরিধিটা আরও দীর্ঘায়িতই হলো হ্যারিসের।
ইনজুরি থেকে সুস্থ হয়ে আগামী জুনে বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হ্যারিসের নিশ্চিতই ছিলো। কিন্তু প্রথম সন্তানের বাবা হওয়ার আনন্দটা স্ত্রীর পাশে থেকেই উদযাপন করতে চাইছেন হ্যারিস। তাই অসি কোচ লেহম্যানের কাছে বেশ আগেভাগেই ছুটি নিয়ে নিলেন হ্যারিস।
এ ব্যাপারে হ্যারিস বলেন, “লেহম্যানকে এ ব্যাপারে আমি জানিয়েছি। সে আমার কথা বলেছে এবং সবকিছু জেনেছে। সে আমাকে বাসায় সময় দিতে বলেছে।”
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ৫ জুন শুরু হবে প্রথম টেস্ট। আর ১৩ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বোলার হিসেবে পরিচিত হ্যারিস এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ১১৩টি, ওয়ানডেতে ৪৪টি ও টি-২০ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছেন।
এমকে





