রিয়াল মাদ্রিদের বিদায়ী গোলরক্ষক ইকাস ক্যাসিয়ারকে আসন্ন দলবদলের বাজারে নিজেদের দলে নেবার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগীজ ফুটবল ক্লাব এফসি পোর্তো। গণমাধ্যম সূত্রে জানা গেছে দুই বছরের চুক্তিতে বার্ষিক ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা ক্যাসিয়াসকে দলে নেবার প্রস্তাব দিয়েছে।
এবারের ট্রান্সফার মৌসুমের প্রায় পুরোটা জুড়েই ছিল ক্যাসিয়াসের ভবিষ্যত নিয়ে আলোচনা। রিয়ালের অধ্যায় যে ক্যাসিয়াসের শেষ হয়ে গেছে তা আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। আর সে কারনেই বিভিন্ন ক্লাব তার জন্য আগ্রহ প্রকাশ করে। ক্যাসিয়াস নিজেও বলেছেন পোর্তোর এই প্রস্তাবের ব্যপারে তার কোন আপত্তি নেই। এজেন্ট কার্লো কুট্রোপিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বছরের চুক্তি থাকলেও পোর্তোর ইচ্ছা আরো এক বছর সে দলের সাথে থাকুক।
রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, ক্যাসিয়াসকে তারা যে অর্থ প্রস্তাব দিয়েছে সেটা পোর্তোর ইতিহাসে সর্বোচ্চ প্রস্তাব। রিয়ালর মাদ্রিদের যুব দল থেকে মূল দলে খেলা ক্যাসিয়াস ক্যারিয়ারের প্রায় পুরো সময় গ্যালাকটিকো শিবিরে কাটিয়ে দিয়েছেন। এর মধ্যে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের তকমাটাও তিনি অর্জন করেছেন। ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের অধিনায়ক ছিলেন ৩৪ বছর বয়সী ক্যাসিয়াস।
জেডআই





