বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বলের পর ব্যাট হাতেও উজ্জ্বল ছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা। মাত্র ২৩২ রানে বাংলাদেশকে অল আউট করে প্রথম দিনেই ব্যাট করতে নামে সফরকারীরা। দিন শেষে কোনো উইকেট না হারিয়েই ১৯ ওভারে ৬০ রান সংগ্রহ করেছে তারা। দ্বিতীয় দিনে দিমুথ করুনারত্নে ২৮ ও কৌসল সিলভা ৩০ রান নিয়ে খেলতে নামবেন।
এর আগে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসহারা বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুটা ভাল করতে পারেনি। পরে মুশফিক ও সাকিব দলের হাল ধরার চেষ্টা করলেও বাকিরা ছিলেন দর্শক ভূমিকায়। খেলার হাল না ধরে মারমুখী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন নাসির হোসাইন। এরপর দলের ভরসার পাত্র সোহাগ গাজী খেলেছেন ওয়ানডে স্টাইলেই। তিনিও তালুবন্দী হন। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে মাত্র ৬৩.৫ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে মুশফিকরা।
এদিন অভিষেক টেস্টে ব্যাটিং শুরুটা মন্দ হয়নি শামসুর রহমান শুভর। বিপরীতে ধৈর্যশীল ব্যাটিং পন্থা বেছে নিলেও মাঠে টিকতে পারেননি ওপেনার তামিম ইকবাল। ২৮ বলে মাত্র ৬ রান করে ইরাঙ্গার বলে লাকমালের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানেই হারায় আরো দুই উইকেট। ওয়ানডাউনে নামা মার্শাল আইয়ুবের (১) পর বিদায় নেন শুভ (৩৩)।
এরপর মুমিনুল ও সাকিব দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও দলীয় ৫৯ রানে সাজঘরে ফেরেন মুমিনুল (৮)। পরে সাকিব-মুশফিক জুটিতে আশার আলো দেখে বাংলাদেশ। ক্যারিয়ারের ১‌৫তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। কিন্তু এরপর আর পাঁচ রান যোগ করতেই হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
দলের হাল ধরে রাখার চেষ্টা করেন মুশফিক। কিন্তু তিনিও এলবিডব্লিউর ফাঁদে পড়েন। মাঠ ছাড়ার আগে ১২২ বলে ৬১ রান করেন দলনেতা। এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এরপর ওয়ানডে স্টাইলে খেলা সোহাগ আউট হয়েছেন ৪২ রান করে। এই স্কোর করতে মাত্র ৫৬ বল মোকাবিলা করে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। শ্রীলঙ্কার বোলার শামিন্দা ইরাঙ্গা চারটি ও সুরাঙ্গা লাকমাল তিনটি উইকেট নেন।
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//জেডআই