ইংল্যান্ড জাতীয় দল নির্বাচক প্যানেল থেকে অ্যাশলে জাইলস পদত্যাগ করেছেন। মিক নিওয়েল তার স্থলাভিষিক্ত হবেন বলে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইংল্যান্ড দলের সাবেক স্পিনার জাইলস সম্প্রতি জাতীয় দলের কোচ হিসেবে উপেক্ষিত হয়েছেন এবং পিটার মুরসকে গত শনিবার এ পদে নিয়োগ দেয়া হয়।
ইসিবি’র দেয়া এক বিবৃতিতে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জেমস হুইটাকার বলেন, ‘নির্বাচক প্যানেল থেকে তিনি পদত্যাগ করতে চান বলে জাইলস ইসিবি’কে জানিয়েছেন এবং গত ছয় বছর যাবৎ একজন নির্বাচক ও সম্প্রতি সীমিত ওভারের কোচ হিসেবে ইংল্যান্ড দলের জন্য তার অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’
‘প্যানেলের নতুন সদস্য হিসেবে আমরা মিককে স্বাগত জানাই এবং তিন ফর্মেটেই অসাধারণ ইংল্যান্ড দল গঠনে যথাযথ মেধাবীদের খুঁজে বের করতে তার ক্রিকেটীয় মেধা অবদান রাখবে বলে আশা করছি।’
গত ১২ বছর যাবত ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের কোচের দায়িত্ব পালন করছেন ৪৯ বছর বয়সী নিওয়েল।
ওয়ারউইকশায়ারের সাবেক ক্রিকেট ডিরেক্টর জাইলস ২০১২ সাল থেকে এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ড ওয়ানডে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই