বুন্দেসলিগায় ২০১৫ সালে টানা দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারাল শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার নিজেদের মাঠ অ্যালিয়েনন্জ অ্যারিনায় শাকলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
গত ম্যাচে উল্ফসবার্গের সঙ্গে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে জয়ের ধারায় ফিরতে মাঠে নেমেছিল তারা।
জার্মান চ্যাম্পিয়নরা অনেক আশা নিয়ে মাঠে নামলেও শুরতেই বিপদে পড়ে যায়। বক্সের মধ্যে সিডনি স্যামকে ফাউল করায় খেলার ২০ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন জেরোম বোটেং।
তবে বিশ্বকাপে গোল্ডে বল জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যারকে পরাস্ত করতে পারেনি এরিক ম্যাক্সিম। মৌসুমে সব ধরনের খেলায় ১০ ম্যাচে গোল করা এই তারকা পেনাল্টি শট ফিরিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত করেন জার্মান শেষ প্রহরী।
খেলোয়াড়ের সংখ্যা বিবেচনায় শ্যাকল এগিয়ে থাকলেও প্রথমার্ধের লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি তারা। উল্টো বিরতির পর আর্জেন রোবেন এগিয়ে দেন বায়ার্নকে। খেলার ৬৭ মিনিটে গোল করেন তিনি।
জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখলেও বায়ার্নের সেই স্বপ্ন পূর্ণ হয়নি। খেলা শেষ হওয়ার ১৮ মিনিটে আগে সেই সিডনি স্যামের সহায়তায় গোল করেন বেনেডিক্ট হাওয়াদেস। ফলে সমতায় ফেরে সফরকারীরা।
শেষ পর্যন্ত আর কেউই গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বায়ার্ন ও শ্যাকলকে।
এই ড্রয়ের পরও লিগ টেবিলে পূর্ণ ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উল্ফসবার্গ।
জেডআই





