বিগ ফাইনালে চেন্নাইকে ১৮১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাটিং করতে নেমে কলকাতা ৬ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষ দল চেন্নাই সুপার কিংস দুই বারের চ্যাম্পিয়ন। তাই চাপটা খানিকটা বেশি কলকাতা নাইট রাইডার্সের।

ইনিংসের শুরুতেই চেন্নাইকে ব্যাকফুটে ঠেলে দেয় দুই ওপেনার গম্ভীর ও উথাপ্পা। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ১১তম ওভারে এই জুটি ভাঙ্গেন নেগী। ৩২ বলে ৪টি চার ১টি ছক্কায় ৩৯ রান করা উথাপ্পা এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ে শিকার হন।

স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জ্যাক ক্যালিস (১)। ক্যালিসের উইকেটটিও নেন নেগী।

অপরপ্রান্তে থাকা গম্ভীর আক্রমণাত্মক খেলে অর্ধশত তুলে নেন। শতকের পথেও এগুতে থাকেন তিনি। কিন্তু ৮০ রানে থেমে যায় তার ইনিংস। ৫২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় দ্রুত ৮০ রান তুলেন গম্ভীর।

দলীয় ১৩৬ রানে গম্ভীর সাজঘরে ফেরার পর কেকেআরের ইনিংসকে টেনে নেন মানিশ পান্ডে। ১৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩২ রান তুলে নেগীর তৃতীয় শিকারে পরিণত হন তিনি।

একই ওভারে আরো দুই উইকেট নিয়ে কলকাতার রানের চাকা থামিয়ে দেন নেগী। ৪ ওভারে মাত্র ২২ রানের খরচে ৫ উইকেট নেন তিনি। মাত্র ২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা নেগী এবারই প্রথম পাঁচ উইকেট পেলেন।

অশিষ নেহরার করা শেষ ওভারে ১৯ রান তুলে কলকাতার স্কোরবোর্ড সমৃদ্ধ করেন ইউসুফ পাঠান ও আন্দ্রে রাসেল। ৯ বলে ২টি চার ১টি ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন পাঠান। ২ রানে অপরাজিত থাকেন রাসেল।

কেএইচ