ইংলিশ প্রিমিয়ার লীগে আরেকটি অস্বস্তিকর পরাজয়ের হাত থেকে ম্যানচেস্টার সিটিকে রক্ষা করেছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের দুই গোলে শনিবার দুইবার পিছিয়ে থেকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লোফটাস রোড স্টেডিয়ামে নাটকীয় এক কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচ শেষের সাত মিনিট আগে আগুয়েরো তার দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি দলকে রক্ষা করেন। কিন্তু এটি ছিল প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের জন্য আরেকটি হতাশাজনক পারফরমেন্স।

অনেকটা প্রত্যাশিতভাবেই চার্লি অস্টিন প্রথম গোল করে কিউপিআরকে এগিয়ে দিয়েছিলেন। বিরতির আগে অবশ্য আগুয়েরো ম্যাচে সমতা ফেরান। কিন্তু মার্টিন ডেমিচেলিসের আত্মঘাতী গোলে লিগ টেবিলের নীচের দিকে দ্বিতীয় স্থানে থাকা কিউপিআরকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু আগুয়েরো আরেকবার দলকে খাদের কিনারা থেকে টেনে তুললে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে রক্ষা পায় সফরকারীরা। সিটির বর্তমান বিধ্বস্ত পারফরমেন্সে একমাত্র আগুয়েরোই নিজেকে ধরে রেখেছেন।

ইংলিশ লীগ টেবিলের শীর্ষে থাকা চেলসিকে ধরতে হলে সিটিকে খুব শিগগিরই এই অবস্থা থেকে উঠে আসতে হবে। চেলসির তুলনায় বর্তমান চ্যাম্পিয়নরা এই মুহূর্তে আট পয়েন্ট পিছিয়ে আছে।

ম্যাচের আট মিনিটের মধ্যে গোলপোস্টের খুব কাছ থেকে হেডের সাহায্যে দলকে এগিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন অস্টিন। কিন্তু অফ সাইডের কারনে গোলটি বাতিল হয়ে যায়। এরপর একটি অপ্রত্যাশিত ঘটনায় অস্টিনের আরেকটি গোল বাতিল হয়ে যায়। সিটি গোলরক্ষাক জো হার্টের একটি ফ্রি-কিকের বল সোজা অস্টিনের পায়ে পড়লে সেখান থেকে জোড়ালো শটে দলকে আবারো এগিয়ে দেন অস্টিন। কিন্তু দূর্ঘটনাবশত: কিক নেবার সময় হার্ট দু’বার বলে স্পর্শ করায় রেফারী মাইক ডিন গোলটি বাতিল করে দেন। সৌভাগ্যবশত দুইবার রক্ষা পেলেও এই অস্টিনের গোলেই শেষ পর্যন্ত ২১ মিনিটের পিছিয়ে পড়ে সিটি। ডানদিক থেকে এডুয়ার্ডো ভারগাসের লো ক্রস থেকে আর ভুল করেননি অস্টিন।

৩২ মিনিটে মানগালার দুর্দান্ত লম্বা দূরত্বের পাস থেকে আগুয়েরো গোল করে সমতা ফেরান। যদিও গোলটি নিয়ে অফ-সাইড বিতর্কের পাশাপশি আগুয়েরোর হাতে বল লেগেছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় যা নিয়ে কিউপিআর এর খেলোয়াড়রা প্রতিবাদও করেছিল।

৭৬ মিনিটে সিটি প্রতিপক্ষকে দ্বিতীয় গোল উপহার দিলে হ্যারি রেডন্যাপের দল উল্লাসে ফেটে পড়ে। অস্টিনের ক্রস থেকে জামোরাকে আটকাতে গিয়ে ডেমিচেলিসের হেড নিজেদের জালে জড়িয়ে যায়। কিন্তু ৮৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ের মাধ্যমে ম্যাচে সমতা ফিরিয়ে আরেকবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন আগুয়েরো।

জেডআই