পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও আশার আলো দেখছে না অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে মিজবাহর রেকর্ড, আযহার আলীর সেঞ্চুরি আর নিজেদের চার উইকেট হারানোয় সামনে অন্ধকারই দেখছে অসিরা। কারণ দিন শেষে এখনও ৪৬০ রানে পিছিয়ে আছে তারা।
রোববার চতুর্থ দিন ৬০৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। দিন শেষে মাত্র ১৪৩ রান সংগ্রহ করেছে। হারিয়েছে চারটি উইকেট। শেষ দিনে তাদের লক্ষ্য ৪৬০ রান। বিপরীতে ছয় উইকেট শিকার করতে পারলে ক্যাঙ্গারুদেরকে ধবল ধোলাই করতে পারবে পাকিস্তান।
এ দিনটি নিজেদের করে নিয়েছে মিজবাহরা। ৬১ রান নিয়ে খেলা শুরু করেছিল তারা। হাতে ছিল আটটি উইকেট। আগের দিনের ১৬ রান নিয়ে মাঠে নামা ইউনিস খান ৪৬ রান করে আউট হলেও আর কোনো উইকেট না হারিয়ে ২৯৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
ইউনিসের পর ব্যাট হাতে ক্রিজে আসা মিজবাহ দ্রুততম হাফ-সেঞ্চুরি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ২১ বলে ৫০ ছুঁয়ে শতরান পূর্ণ করেছেন ৫৬ বলে। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এছাড়া ২১ রান নিয়ে খেলা শুরু করা আযহার আলীও সেঞ্চুরি করেছেন। শেষ পযন্ত দু'জনই অপরাজিত ছিলেন।
জবাবে খেলতে নামা অস্ট্রেলিয়া মাত্র ৪৩ রান সংগ্রহ করতেই তিন উইকেট হারায়। দলের হাল ধরার চেষ্টা করা ডেভিড ওয়ার্নারও পরে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিনে স্টিভেন স্মিথ ৩৮ ও মিশেল মার্শ ২৬ রান নিয়ে খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৭০/৬ (ডি.) ও ২৯৩/৩ (ডি.)
অস্ট্রেলিয়া: ২৬১/১০ ও ১৪৩/৪
জেডআই





