বিপিএলের সবশেষ আসরে তিনি দলই পাননি, এবার অবশ্য দল পেয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে দলে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে এখনো পর্যন্ত শাকিবের দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি সাব্বিরের।
সাব্বিরকে দলে না নেয়ার কারণ, তিনি সময়মতো অনুশীলনে যান না। শুরুতে দলীয় সমন্বয়ের কারণে দলে জায়গা হারালেও পরে শাস্তি পাওয়ার কারণেই একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। এমনটাই জানিয়েছেন, ঢাকার কোচ খালেদ মাহমুদ।
সিলেটে সোমবার দুপুরে ঢাকার অনুশীলন শেষে খালেদ মাহমুদ বলেন, ‘সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল, অনেকেই হয়তো বলেছেন ফেইসবুক বা সামাজিম মাধ্যমে। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু।’
অনুশীলনে অনুপস্থিত ছিল জানিয়ে ঢাকার এই কোচ বলেন, ‘হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি…১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা দিয়ে খেলবে।’
খালেদ মাহমুদ আরও বলেন, ‘এটা আমি ওকে বলেছি যে, না-ই আসতে পারে অনুশীলনে। অনেক ক্রিকেটারই ম্যাচের আগের দিন অনুশীলন করে না। কিন্তু আমি চাই, আমার প্রত্যেকটি ক্রিকেটার ম্যাচের আগের দিন ট্রেনিং করকি বা না করুক, ড্রেসিং রুমে যেন থাকে। সাব্বিরকে এটিই বুঝিয়েছি। ১ তারিখের অনুশীলনে সে আসবে না, এটা আমরা কেউ জানতাম না যে কেন সে আসেনি। ডিসিপ্লিনারি ইস্যু এজন্যই বললাম, যদি বলে নিত, তাহলে সেটা ডিসিপ্লিনারি ইস্যু নয়। কিন্তু আমি বা ম্যানেজার ব কেউই জানত না। মাঠে গিয়ে যখন তাকে খুঁজি, জানি না যে সে কেন নেই, তাহলে তো সত্যিই শকিং ব্যাপার।
এইচআর





