পোর্ট এলিজাবেথে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম দিন শেষে সমান অবস্থানে রয়েছে দু’দল। শুরুর দিকে উইকেট নিতে কষ্ট হলেও দিন শেষে ৫ উইকেট নিতে পেরেছিল টাইগার বোলাররা।
লম্বা সময় পর টেস্টে ফিরলেও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম দিনে ৩২ ওভার বোলিং করে নিয়েছেন ৩টি উইকেট। তাইজুল মনে করছেন উইকেট চ্যালেঞ্জিং, দ্বিতীয় দিনে চ্যালেঞ্জ নিতে হবে সবাইকে।
‘এখানে উইকেটের উপর অনেক কিছু ডিফেন্ড করে। উইকেটের আচরণ বলেন বা সিনারিটা এমন যে, আপনি চাইলেই তিনটা পেসার বা চারটা পেসার খেলাতে পারবেন না আবার তিনটা স্পিনারও খেলাতে পারবেন না। ব্যাটসম্যানেরও ব্যাপার আছে। সবারই একটু প্রেশার নিয়ে শারীরিক মেহনত করে আমাদের জিনিসটা মেন্টেন করতে হবে। এটুকু চ্যালেঞ্জ নিতেই হবে।’
অনেক দিন পর ক্রিকেটে ফিরেও দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল, সঙ্গে উইকেটও নিয়েছেন। প্রথম দিন শেষে নিজের পারফর্ম নিয়ে তাইজুল জানিয়েছেন, ‘আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ দেখা যাচ্ছে একটু স্টাম্পের বাইরে বা উপরে হলে রান হয়ে যায়। আসলে মেন্টেন করাটা ইম্পর্ট্যান্ট ছিল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।’
বাংলাদেশ প্রতিপক্ষের পাঁচ উইকেট নিতে পারলেও তাইজুল মনে করছেন, রান একটু বেশি হয়ে গেছে, ‘আমরা যদি আরও একটু কমে তাদেরকে রাখতে পারতাম, হয়তো বা তাদের আরও একটু চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হতো তাহলে হয়তোবা দুই একটা উইকেট পড়ার চান্স ছিল। আমার মনে হয় একটু ইয়ে হয়ে গেছে। সামান্য একটু।’
এবিএস





