আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক এখন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন শ্রীলংকান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক ব্যাটসম্যান মিশেল জনসনকে স্টাম্পড করে ঝুলিতে ১৩৪টি শিকার নিয়ে সবার উপরে উঠে যান ধোনি। জনসনকে স্টাম্পড করায় কেবলমাত্র টেস্টে তার শিকার সংখ্যা এখন ৩৮। এ ক্ষেত্রেও ভারতের হয়ে সর্বোচ্চ শিকারী সৈয়দ কিরমানির রেকর্ডে ভাগ বসালেন ধোনি।
টেস্ট, ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি মিলিয়ে স্টাম্পড করার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে সবার উপরে এতদিন ছিলেন সাঙ্গাকারা। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার সংখ্যা ১৩৩। তবে সাঙ্গাকারাকে টপকে ঐ তালিকায় এখন সবার উপরে ধোনি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জনসনকে স্টাম্পড করে সবার উপরে নিজের নাম লেখান ধোনি। তার শিকার সংখ্যা ১৩৪। ওয়ানডেতে ৮৫, টেস্টে ৩৮ ও টি-২০তে ১১টি।
শুধুমাত্র সাঙ্গাকারাকে টপকিয়ে উপরে উঠার আনন্দই পাননি ধোনি। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ স্টাম্পড করার তালিকায় সবার উপরে কিরমানির সাথে যৌথভাবে বসেছেন তিনি। বর্তমানে কিরমানি ও ধোনির শিখার সংখ্যা ৩৮। আর বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ স্টাম্পড করার তালিকাতেও কিরমানির সাথে যৌথভাবে তৃতীয় স্থানে ধোনি। ঝুলিতে ৫২ শিকার সংখ্যা নিয়ে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ড। আর ৪৬ শিকার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের গডফ্রি ইভান্স।
জেডআই





