কলকাতা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিল ঢাকা মোহামেডান। বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কলকাতা মোহামেডানের ডিফেন্ডার কুনাল ঘোষ ব্যাক পাস করলেন গোলরক্ষক বিলাল হোসেনকে।
কুনাল অসতর্কভাবে বলটা তুলে দেন ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার পিটারের পায়ে। আলতো টোকায় বল জালে পাঠালেন ম্যাচে মোহামেডানকে প্রথম গোলটিও এনে দেওয়া পিটার। ২-১ গোলে জিতে গেল ঢাকা মোহামেডান।
১-১ স্কোরলাইনটা ধরে রাখতে পারলেও সেমিফাইনাল খেলা হতো। কিন্তু শেষ সময়ে কলকাতা মোহামেডান গোল করে জিতে গেলে আশাভঙ্গের বেদনাই সঙ্গী হতো এই রাতে। অমঙ্গল কিছু হয়নি। দুই মোহামেডানের দ্বৈরথ জিতেই ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ চারে জসিমউদ্দিন জোসির দল।
অথচ চোটাঘাতে জর্জরিত দল নিয়ে কলকাতা মোহামেডানের সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে কাঁপছিল ঢাকা মোহামেডান। কিন্তু জোড়াতালির দল নিয়ে এদিন শুরু থেকেই উজ্জ্বল ঢাকা মোহামেডান। প্রথম মিনিট বিশেক ঢাকার পরাশক্তির ঝাঁঝ দেখে নিশ্চয়ই ঘাবড়ে গিয়ে থাকবে কলকাতার দলটি। একের পর এক আক্রমণে কোনঠাসা প্রতিপক্ষ মাথা তোলারই সুযোগ পাচ্ছিল না। চাপের মুখে বড় ভুলও করে ফেললেন কলকাতা মোহামেডানের ডিফেন্ডার কারিম নুরিম। তাঁর শিশুতোষ ভুলে বল পেয়ে গেলেন খেলোয়াড় সংকট কাটাতে কালই প্রথম মোহামেডানের জার্সি গায়ে তোলা ফরাশগঞ্জের নাইজেরিয়ার স্ট্রাইকার পিটার। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল লাগালেন কিনা সাইড পোস্টে!
১৮ মিনিটে ফয়সালের কর্নারে এই পিটারের দুর্দান্ত হেডটাই জালে (১-০)। সেমিফাইনালে উঠতে যেখানে ড্রই যথেষ্ট, গোল করে এগিয়ে যাওয়া মানে কিছুটা নির্ভার। কিন্তু এই ‘নির্ভার’ মানসিকতাই চাপে ফেলে দিল ঢাকা মোহামেডানকে। কলকাতা মোহামেডান আক্রমণের সামনে খেই হারাল অরুপ, মিন্টু শেখদের রক্ষণ। একবার তো ভাগ্যক্রমে বল লাগল ক্রসপিচে। কিন্তু ৪১ মিনিটে মিন্টু শেখ এ কী করলেন! বলটা সহজেই ক্লিয়ার করতে পারতেন। অহেতুক কাটাতে গিয়ে প্রতিপক্ষ স্ট্রাইকার কাজিম বোলানির পায়ে দিলেন বল, সেই বল কোনাকুটি শটে জালে পাঠালেন কাজিম (১-১)। দ্বিতীয়ার্ধে ক্লান্ত মোহামেডান অনেকটাই দাঁড়িয়ে পড়ল। শরীর আর চলছিল না খেলোয়াড়দের। তবু সেমিতে ওঠার অদম্য ইচ্ছারই জয় হলো শেষ পর্যন্ত। জয়টা যেভাবে এল জোসির আনন্দ যেন আর ধরে না, ‘আমি খুবই খুশি। চোট-আঘাতে জর্জরিত দল নিয়েও জিতলাম। অসাধারণ!’
আগামী ২৮ অক্টোবরে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা মোহামেডান মুখোমুখি হবে কলকাতা ইস্টবেঙ্গলের। আর প্রথম সেমিফাইনালে ২৭ অক্টোবর-স্পিন গর বাজানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
এআই





