টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারাল নিউজিল্যান্ড। কিউদের দেয়া ১৪২ রানের জবাবে ৯ উইকেটের বিনিময় ১৩৪ রান করতে পেরেছে অজিরা।

টার্গেটটি হাতের নাগালে মনে হয়েছিল। উসমান খাজা ও ওয়াটসনের শুরুটাও ছিল দাপুটে। ১৪৩ রানের জবাবে ৫ ওভারেই তুলে নিল ৪২ রান। কিন্তু ষষ্ঠ ওভারে কিউইদের ফাঁদ দেখল অজিরা। ওয়াটসনের বিদায় দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে মাঠে আসা-যাওয়া করতে লাগল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সেই সঙ্গে কমতে থাকল রানের গতি। উইকেট পড়ার গতি না থামলেও রানের গতি থেমে যায়। ফলে ১৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি অস্ট্রেলিয়া।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ভালোই নিউজিল্যান্ডের। গাপটিল ও উইলিয়ামসনের ব্যাটে বড় স্কোরের পথেই হাঁটছিল তারা। ৬ ওভারে বিনা উইকেটে ৫৮ রান করেছিল কিউই শিবির। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব বড় সংগ্রহ দাড় করাতে পারেনি নিউজিল্যান্ড। ৮ উইকেটে তাদের সংগ্রহ ১৪২ রান।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে গাপটিল ও উইলিয়ামসন যোগ করেন ৬১ রান। এরপরই ছন্দপতন। ২৭ বলে ৩৯ রান করা গাপটিলকে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ বানান ফকনার। এর কিছুক্ষণ পর বিদায় নেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ২০ বলে ২৪ রান করে উইলিয়ামসন ম্যাক্সওয়েলের বলে ধরা পড়েন অ্যাগারের হাতে। দলীয় সংগ্রহ তখন ৬৬।

এরপর বড় কোন জুটিই গড়তে পারেনি শুরুতে ঝড়ের আভাস দেয়া নিউজিল্যান্ড। শেষের দিকে ২০ বলে ২৭ রান করে রান আউট হন ইলিয়ট। ২৬ বলে ২৩ রান করেন মুনরো। ১১ বলে ১১ রানে ফেরেন টেইলর। অ্যান্ডারসন (৩), রঞ্চি (৬), সান্টনার (১) সাজঘরে ফেরেন দ্রুতই।

অস্ট্রেলিয়ার হয়ে ফকনার ও ম্যাক্সওয়েল দুটি, ওয়াটসন ও মার্শ নেন একটি করে উইকেট।

প্রথম ম্যাচে ফেবারিট ভারতকে রীতিমতো পর্যদুস্ত করে ৪৭ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার জন্য প্রথম। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ টি২০ বিশ্বকাপে মিশন শুরু করেছে ওয়ার্নার-ওয়াটসনরা।

ওএফ