আবার ক্রিকেট উৎসবে মাতছে দেশ। আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপের বাছাইপর্ব, ২৪ ফেব্রুয়ারি থেকে মূল পর্ব। কাল এই দুই টুর্নামেন্টের টিকিট-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই চার ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাঢ়া শাখায়।
বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ ও মূল পর্বের ১১টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে ইউসিবির ঢাকার মিরপুর, সোনারগাঁও জনপথ, বিজয়নগর, প্রগতি সরণি, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়।
নারায়ণগঞ্জের তিনটি ও মিরপুর শাখায় নগদ অর্থের বিনিময়ে ও বাকি শাখাগুলোয় ইউক্যাশের মাধ্যমে টিকিট কেনা যাবে।
বাছাইপর্বে গ্যালারির টিকিটের মূল্য ২০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ও ভিআইপি ১০০ টাকা। মূল পর্বে শেরেবাংলা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, পূর্ব গ্যালারি ১৫০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ৩ হাজার টাকা।
মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন।
এমই





