[b]ঢাকা:[/b] অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে নাদালকে ৬-৩,৬-২,৩-৬ ও ৬-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে নিয়েছেন এ সুইস তারকা স্ট্যানিসল্যাস ওয়ারিঙ্কা । ১৩ বারের মোকাবেলায় এটিই হল নাদালের বিপক্ষে ওয়ারিঙ্কার প্রথম জয়।
রবিবার রড লেভার অ্যারেনায় ইনজুরিই বেশি কাবু করে ফেলেছিল নাদালকে। প্রথম সেট ৬-৩ গেমে হারার পর দুই নম্বর সেটের তৃতীয় গেমেই পিঠের ইনজুরিতে পড়ে কোর্ট ছেড়েছিলেন শীর্ষ বাছাই নাদাল। একসময় মনে হচ্ছিল ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন তিনি। অবশ্য তেমনটি আর ঘটেনি। পিঠের ব্যথা নিয়েই কোর্টে ফেরেন নাদাল। ফিরে অবশ্য আবার হারেন তিনি। মাত্র ৩৮ মিনিটেই দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে নেন ওয়ারিঙ্কা। এরপর তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে  ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন নাদাল। তবে ৬-৩ গেমে চতুর্থ সেট নিজের করে নিয়ে ২ ঘন্টা ২১ মিনিটেই ফাইনাল জিতে নেন টুর্নামেন্টের ৮ম বাছাই ওয়ারিঙ্কা।
ক্যারিয়ারের ৩৬তম মেজর টুর্নামেন্টে এসে প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার স্বাদ পেলেন সুইটজারল্যান্ডের ওয়ারিঙ্কা। এর আগে টেনিস ইতিহাসে কেবল মাত্র একজনই তার চেয়ে বেশি মেজর খেলে প্রথম গ্র্যান্ড স্ল্যামের দেখা পেয়েছিলেন। ক্রোয়েশিয়ার গোরান ইভানিসেভিচ ৩৭তম মেজর খেলতে নেমে তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লামের দেখা পেয়েছিলেন।