অক্টোবরে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা ফুটবল দল। বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে আর হংকংয়ে সেদেশের স্থানীয় একাদশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ দুটির জন্য দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির থাকা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস সেগুরা।

জার্মানির বিপক্ষে ডুসেলডর্ফের প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বার্সেলোনা তারকা মেসি। স্পেনের লা লিগার সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পান তিনি।

মেসিকে ছাড়াই ওই ম্যাচে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দেশে ফিরেই মেসির এশিয়া সফরের দলে থাকা নিয়ে কথা বলেন সেগুরা। “অক্টোবরে খেলার জন্য লিওনেল মেসিকে প্রায় নিশ্চিতভাবেই ডাকা হবে এবং আশা করছি সে আসতে পারবে।”

তবে মেসিকে পাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত তার ক্লাবের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন কোনো যোগাযোগ করতে পারেনি বলে জানান সেগুরা।

বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ১১ অক্টোবর। আর হংকংয়ে স্থানীয় একাদশের বিপক্ষে ম্যাচটি হবে ১৫ অক্টোবর।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই