ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ। কিন্তু ব্রাজিলের মাটি থেকে পুরস্কারটি নেয়া হয়নি তার। অবশেষে স্পেনের মাদ্রিদে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে স্বর্ণের বুট তুলে দিয়েছে ফিফা ও ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। শুক্রবার তাকে এই পুরস্কার দেয়া হয়।

ব্রাজিল বিশ্বকাপে ছয় গোল করেছেন ২৩ বছর বয়সী এই তারকা। তবে তার দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ফাইনাল পর্যন্ত না খেললেও বেশি গোলদাতার পুরস্কার পেলেন তিনি।

রদ্রিগেজের পর সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন থমাস মুলার। তার দল জার্মানি চ্যাম্পিয়ন হলেও ৫ গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।

বিশ্বকাপে আলো ছড়ানো রদ্রিগেজকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মোনাকো থেকে ৮০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নিয়েছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন দলটি।

গোলেন্ড বুট জেতা রদ্রিগেজ এখন রিয়ালে একাদশে জায়গা পাওয়া নিয়ে ভাবছেন। এমনটা ফুটে উঠেছে তার ভাষায়, "আমার অনেক বড় আশা আছে। তবে এখন আমার ভালোভাবে অনুশীলন করতে হবে এবং দলে জায়গা পেতে হবে।"

ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই