পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগেই বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বকাপ পরবর্তী সংবর্ধনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে রোববার জানানো হয়েছে, আগামী ১০ ও ১১ এপ্রিল টাইগারদেরকে সংবর্ধনা দেয়া হবে।

আগামী ১০ এপ্রিল বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রথমে সংবর্ধনা দেয়া হবে। পরের দিন রাজধানী ঢাকাতে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে।

বিশ্বকাপে বাংলাদেশ দল ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়েও ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল। কিন্তু বাজে আম্পারিংয়ের ফলে তাদের সেমিতে খেলা সম্ভব হয়নি।

বাংলাদেশ দল সেমিফাইনালে না খেললেও তাদের বীরত্বে খুশি বাংলাদেশের সমর্থকরা। সন্তুষ্ট বিসিবিও। তাই তাদেরকে সংবর্ধনা দেয়ার কথা বলা হয়েছিল।

বিশ্বকাপের পর পাকিস্তান সফরের বিষয় আলোচনা ও আ হ ম মুস্তফা কামালের আইসিসি'র সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ফলে সংবর্ধনার বিষয়টি আলোচনার বাইরে চলে যায়।

চলতি মাসেই বাংলাদেশ সফর করছে পাকিস্তান দল। তার আগে সংবর্ধনা দেয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। অবশেষে পাকিস্তান সফরের আগেই টাইগারদেরকে সংবর্ধনা দেয়ার বিষয়টি নিশ্চিত হয়।

জেডআই