অভিষেক মৌসুমেই ২৩ গোল করে নজর কেড়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। ২০১১-১২ মৌসুমে সার্জিও আগুয়েরোকে দলে ভিড়িয়েই সাফল্যের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি।
৪৬ বছর পর জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। তার পর আরো চারটি মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগের নবম বিদেশি খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ১০০ গোলের মাইলফলক।
১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর মাত্র ২৫ জন খেলোয়াড় অর্জন করেছেন গোলের শতক গড়ার কৃতিত্ব।
সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি ১৯৯৬ সালে গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরার।
তিনি ১০০ গোল করেছিলেন মাত্র ১২৪ ম্যাচ খেলে। দ্রুততম সময়ে গোলের শতক পূর্ণ করার তালিকায় শিয়েরারের পরেই আছে আগুয়েরোর নাম।
১০০ গোলের মাইলফলক স্পর্শ করার জন্য আর্জেন্টাইন তারকাকে খেলতে হয়েছে ১৪৭ ম্যাচ। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একটি গোল করেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি।
এসএম





