চলতি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে চার উইকেটে, পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক রানে পরাজয় বাবর আজমদের। খাদের কিনারা থেকে উঠে এসেছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। দুর্দান্ত কামব্যাকে ফাইনালে বাবর আজমের দল।
কয়েক ঘণ্টা পরই শেষ হচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নেওয়ার লড়াই। দুদলের সামনেই দ্বিতীয়বার বিশ্বকাপে শিরোপা জেতার হাতছানি। তবে ফাইনালকে ঘিরে আত্মবিশ্বাসী বাবর আজম। অব্যাহত রাখতে চান জয়ের ধারা। এ জন্য স্রষ্টার সহায়তা চাইলেন বাবর।
পাক অধিনায়কের বিশ্বাস, খাদের কিনারা থেকে স্রষ্টাই পাকিস্তানকে ফাইনালে তুলেছেন।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন পাকিস্তানের এই ওপেনার।
বাবর আজমের দাবি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছাতেই ঘটে। তিনি আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি।
পাক অধিনায়কের বলেছেন, আমরা চেষ্টা করি, নিজেদের সেরাটা দেওয়ার। ফল আল্লাহর হাতে। আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার দয়ায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি, তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।
বিশ্বকাপে পাকিস্তানের প্রত্যাবর্তন প্রসঙ্গে বাবর জানালেন, প্রথম দুই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু শেষ চার ম্যাচে ফিরে এসেছি। স্নায়ু চাপের চেয়ে বেশি রোমাঞ্চিত আমি। এতে কোনো সন্দেহ নেই। চাপ আছে, কিন্তু এটা কেবল নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে কাটানো যাবে। আর ভালো ফলের জন্য কারো ভালো করা জরুরি।
এবিএস





