রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, যা কিছুই বলেন না কেন, গোলরক্ষক হিসেবে ক্যাসিয়াসই সেরা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বাসেলের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। প্রশ্ন উঠেছে এই ম্যাচে জায়গা পেতে পারেন কোস্টারিকার গোলরক্ষক কিলুর নাভাস। তবে কোচের ভাষায় ইঙ্গিত পাওয়া যায়, দলনেতার জায়গা এখনও দখল করতে পারছেন না কেউই।
গত মৌসুমে রিয়াল অধিনায়ক ক্যাসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল'রেতে খেলেছিলেন। আর লা লিগায় খেলেছিলেন ডিয়াগো লোপেজ।
ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক ক্যাসিয়াস। ধারণা করা হয়েছিল, তার দিন শেষ। নতুন স্বপ্ন দেখেছিল লোপেজ। কিন্তু বিশ্বকাপে চমক দেখানো নাভাসকে দলে নিল লস ব্লাঙ্কোসরা।
মৌসুম শুরুর আগে লোপেজ এসি মিলানে যোগ দিয়েছেন। ফলে নাভাসকেই দলের সেরা গোলরক্ষক হিসেবে অনেকে কল্পনা করেন। কিন্তু কোচ জানিয়ে দিয়েছেন, সব আলোচনা-সমালোচনার পরও ক্যাসিয়াসই সেরা।
শনিবার নিজেদের মাঠ বার্নব্যুতে ২-১ গোলে হারে রিয়াল। এতে নাভাসের একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি আরো জোরালো হয়ে ওঠে। তবে সাংবাদিকদেরকে আনচেলোত্তি বলেন, "কে আমাদের সেরা গোলরক্ষক, এই আলোচনা থাকার কথা না। আমি এ নিয়ে বিতর্ক করতে চাই না। ক্যাসিয়াস অভিজ্ঞ খেলোয়াড়। তাই তিনিই জানেন কিভাবে অবস্থা সামাল দিয়ে পাল্টা জবাব দিতে হয়।"
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





