সিনসিনাটিতে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের প্রথম শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে আনা ইভানোভিচকে ৬-৪, ৬-১ সেটে হারিয়েছেন তিনি।

এর আগে ২০০৬ সাল থেকে মোট ছয়বার সিনসিনাটিতে অংশ নিয়েছিলেন সেরেনা। কিন্তু একবারও শিরোপা জিততে পারেননি। এবার তার সেই স্বপ্ন পূর্ণ হলো। সেই সঙ্গে ক্যারিয়ারের ৬২তম ডব্লিউটিএর মুকুট জিতলেন তিনি। তার মধ্যে ২০১৪ সালেই জিতলেন পাঁচটি।

এখন ৩২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের টেনিস তারকার চোখ ইউএস ওপেনের দিকে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জিততে পারলে এ বছর ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারবেন তিনি। ২৫ আগস্ট থেকে শুরু হবে এই লড়াই।

এদিকে ১২তম বাছাই ইভানোভিচ মারিয়া শারাপোভাবে হারিয়ে ফাইনালে উঠলেও ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনাকে হারাতে পারলেন না। এই নিয়ে এ বছরে তিনবার কৃষ্ণকলির কাছে হারতে হলো তাকে। শুধু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনাকে হারিয়েছিলেন তিনি।

ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই