কোয়ার্টার ফাইনালের বাধা কোনো মতে পার হলেও এবার সেমি-ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিডনিতে দু'বারের চ্যাম্পিয়ন ভারতের পরীক্ষা নিবে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ১০ বার মুখোমুখি দেখা হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে সাতবারই জিতেছে অসিরা।

তবে বিশ্বকাপ সেমি-ফাইনালে প্রথমবারের মতো দেখা হচ্ছে এ দু্ই দলের। এর আগে নক আউট পর্বে মাত্র দু'বার দেখা হয়েছিল তাদের। ২০০৩ বিশ্বকাপে ফাইনালে এশিয়ার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। তবে ২০১১ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে তার প্রতিশোধ নিয়েছিল ভারত।

ওয়ানডেতে মোট ১১৭ বার মুখোমুখি হয়েছিল তারা। এতে ৬৭ ম্যাচে জয় পেয়েছে ক্যাঙ্গারুবাহিনী। বিপরীতে ৪০টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সর্বশেষ পরিংস্যানের দিকে তাকালে বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে অনেক এগিয়ে আছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে সর্বশেষ ১২টি আন্তর্জাতিক ওয়ানডেতে জিতেছে তারা।

এদিকে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলাধুনো হওয়া ভারত বিশ্বকাপের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচে জিতেছে। যদিও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সের চেয়ে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে তারা সুবিধা পেয়েছিল। তা না হলে হয়তো ফলাফলটি অন্য রকম হতো।

সেমি-ফাইনালের ম্যাচকে সামনে রেখেও তাদের 'দাদাগিরি' চলছে। পিচ নিয়ে ইতোমধ্যে দু'দলের মধ্যে যুদ্ধ চলছে। এটাকে কেন্দ্র করে টম পার্কারকে এ ম্যাচের পিচ তৈরির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

গ্যালারিতে থাকা দর্শকদের সুবিধার জন্য ভারতও অনেক সুবিধা পাবে। কারণ ইতোমধ্যে তাদের ৪৫ হাজার সমর্থক টিকিট কিনেছে। সব কিছুর পরও ঘরের মাঠের সুবিধা পেতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

জেডআই