জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় পড়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। ফলে ম্যাচটি ড্রতেই সমাপ্ত হয়।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৫৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল চার উইকেট। ব্যাট হাতে ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রানের চাকা ঘুরিয়েছেন শুভাগত হোম। কিন্তু অন্য প্রান্ত সমানভাবে তাল মিলাতে না পারায় ২৯৭ রানে ইনিংস গুটিয়ে যায় স্বাগতিকদের।
এদিন ৫৩ রান নিয়ে খেলা শুরু করা শুভাগত ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া প্রথম ইনিংসে বাংলাদেশের ওপেনার শামসুর রহমান ৬৯ রান করেন। জিম্বাবুয়ের বোলার নাতসাই এমশাঙ্গুই সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া কামুনগুজি তিনটি ও মাসাকাদজা দুটি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে ভুজি সিবান্দা ও সিকান্দার রাজা ৬৮ রান করেন। সিবান্দা ২২ রান করে আউট হলেও সিকান্দার করেন ৪৫ রান। তবে দলকে শক্তিশালী জায়গা নিয়ে যান ক্রেইগ এভরাইন। শেষ পর্যন্ত টিকে থেকে ৮৫ রান করেন তিনি।
জেডআই





