ক্লাব ও দেশের হয়ে ৪০০ গোলের মাইলফলক পার করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ৪০১ গোল পূর্ণ হওয়ার রাতে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। তাদের সঙ্গে ইভান র‌্যাকিটিকের একমাত্র গোলে শনিবার রাতে লা লিগার ম্যাচে গ্রানাডাকে ৬-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বার্সার মাঠ ন্যূ ক্যাম্পে এদিন জোড়া গোল করে আরো একটি রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গেছেন মেসি। লা লিগায় আর মাত্র চার গোল করলে টেলমু জারার ২৫১ গোলের রেকর্ড পার করবেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। লিগে এখন মেসির গোল সংখ্যা ২৪৮।

এদিকে এই ম্যাচে জয়ের ফলে বার্সার নতুন কোচ লুইস এনরিকের অপরাজিত থাকার রেকর্ড আরো দীর্ঘায়িত হচ্ছে। সেই সঙ্গে গোল হজম না করার রেকর্ডটিও দীর্ঘায়িত হলো। লিগে ছয় ম্যাচে এক গোলও হজম করেনি বার্সা। আর পাঁচ ম্যাচেই জয় নিশ্চিত করেছে তারা। এতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

এদিন খেলার ২৬ মিনিটেই গোলের সূচনা করেন নেইমার। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাকিটিক। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করেন নেইমার।

বিরতির পর ৬২ মিনিটে দলের এক হালি গোল পূর্ণ করেন মেসি। ৬৬ মিনিটে নেইমার হ্যাটট্রিক করেন। ৮২ মিনিটে জোড়া গোল পূর্ণ হয় বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী তারকা। কিন্তু কোনো গোলই শোধ করতে পারেনি গ্রানাডা। ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই