দেখতে দেখতে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে। ৩২ দলের লড়াইয়ে ৪৮টি ম্যাচ প্রথম পর্বে অনুষ্ঠিত হলো। এতে মোট গোল হয়েছে ১৩৬টি। কোনো দল বেশি গোল করে রেকর্ড গড়েছে। আর কোনো দল বেশি গোল হজম করার রেকর্ড গড়েছে। গত আসরের রানার্স আপ নেদারল্যান্ডস সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ড গড়েছে। তবে সবচেয়ে বেশি গোল হজম করেছে ক্যামেরুন ও অস্ট্রেলিয়া।

'এ' গ্রুপে থাকা ক্যামেরুন গ্রুপ পর্বে মোট ৯টি গোল হজম করেছে। 'বি' গ্রুপে থাকা অস্ট্রেলিয়াও সমান গোল হজম করেছে।

ক্যামেরুন প্রথম ম্যাচে মাত্র ১ গোল হজম করেছিল। মেক্সিকোর বিপক্ষে নিজেদের গোলপোস্ট বেশ নিরাপদ রাখারই চেষ্টা করেছিল তারা। কিন্তু শেষ দুই ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি আফ্রিকান দেশটি। ক্রোয়েশিয়া ও ব্রাজিল দুই দলই ক্যামেরুনের জালে চারবার করে বল জড়িয়ে দিয়েছিল।

এদিকে গ্রুপ পর্বের তিন ম্যাচেই তিনটি করে মোট নয়টি গোল হজম করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে চিলির কাছে ৩-১ গোলে হেরে যায় দলটি। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারে ৩-২ গোলে। শেষ ম্যাচেও গত আসরের চ্যাম্পিয়ন স্পেনের কাছে ৩-০ গোলে হেরে যায় এশিয়া অঞ্চল থেকে খেলতে যাওয়া দলটি।

এছাড়া, স্পেন ৭টি, পর্তুগাল ৭টি, সুইজারল্যান্ড ৬টি, দক্ষিণ কোরিয়া ৬টি, জাপান ৬টি, ঘানা ৬টি গোল হজম করে।

তবে এক গোল হজম করে বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করার রেকর্ড গড়েছে মেক্সিকো। ক্রোয়েশিয়ার মধ্য আমেরিকার দেশটির জালে একবার বল জড়িয়েছিল।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই