মাদ্রিদ ও রোম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। বাঁ-পায়ের পাতায় ইনজুরির কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না এই টেনিসকন্যা।
২৪ বছর বয়সী বেলারুশের এই তারকা নিজের ফেসবুকে লিখেছেন, আগামী মে মাসে অনুষ্ঠেয় মাদ্রিদ ও রোম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি।
আগামী ২৫ মে শুরু হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেনের আগে অনুশীলন টুর্নামেন্ট হিসেবে এ টুর্নামেন্ট দু’টি খুবই গুরুত্বপূর্ণ।
আজারেঙ্কা বলেন, ‘আমার অবস্থার উন্নতি হচ্ছে কিন্তু এখনও আমি এ দু’টি টুর্নামেন্টে খেলার মত ফিট নই।'
তিনি আরো বলেন, ‘পুনরায় ফিট হয়ে ওঠার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিট হয়ে উঠব বলে আশা করছি।’
২০১৪ সালে এ পর্যন্ত আজারেঙ্কা কেবল ব্রিজবেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যালিফোর্নিয়া এ তিনটি টুর্নামেন্টে খেলেছেন।
গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত লরেন ডেভিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই