বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে আজ সন্ধ্যায় বাংলাদেশ দল তাজিকিস্তানের মুখোমুখি হবে। তাজিকিস্তানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

এই ম্যাচে অবশ্য ফেভারিট স্বাগতিক তাজিকিস্তান। কারণ, একদিকে তাদের ঘরের মাঠে খেলা। নিজেদের সমর্থক। প্রচ- শীতল আবহাওয়া। তার উপর ফিফা র‌্যাংকিংয়েও এগিয়ে তাজিকরা।

এমনকি পরিসংখ্যানও এগিয়ে রাখছে স্বাগতিক তাজিকিস্তানকে। তার আজ শুধু তাজিকিস্তান নয়, প্রচণ্ড শীতও বাংলাদেশের প্রতিপক্ষ। তাজিকিস্তানে দিনে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি। আর রাতে ৪-৫ ডিগ্রি। তার উপর খেলা তাজিকিস্তানের স্থানীয় সময় বিকেলে।

তারপরও পয়েন্ট ছিনিয়ে নিতে আশাবাদী বাংলাদেশ। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র একটি ম্যাচে হারেনি মামুনুলরা। আর সেই ম্যাচটি এই তাজিকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে প্রথম লেগে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ফ্যাবিও লোপেজের শিষ্যরা।

ম্যাচের আগে ইতালিয়ান কোচ বলেন, ‘আমার দল এখানে এসে ভালো অনুশীলন করছে। তাদের সেরাটা দিয়েই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে। এখানের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গেও যতটা সম্ভব মানিয়ে নেয়ার চেষ্টা করছে ছেলেরা।’

বাছাইপর্বের ৫টি ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে এখনো একটি সুযোগ রয়েছে।

সেটি হল পয়েন্ট টেবিলে উন্নতি করে এএফসি এশিয়ান কাপে খেলার। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ার ফুটবলের সর্ববৃহৎ আসরটি। যেখানে অংশ নেয়ার সুযোগ পাবে ২৪টি দল।

তাই পূর্বের তুলনায় এবার বাংলাদেশের সামনে সুযোগ কিছুটা হলেও বেশি। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে তৃতীয় স্থান পেলেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত। আর চতুর্থ স্থান পেলেও জোরালো সম্ভাবনা থাকবে। এই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসএইচ