ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)তে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন শ্রীলংকান দলের কোচ পল ফারব্রেস। এমন সুযোগটি হাতছাড়া না করতে দ্রুতই সাড়া দিলেন তিনি। লংকান দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এই বস। মঙ্গলবার শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পিটার মুরস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন ফারব্রেস। এ বিষয় নিজের অবস্থান স্পষ্ট করতে কলম্বোতে ফিরে একদিন পরই এসএলসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মঙ্গলবার ফের এসএলসির সঙ্গে ফারব্রেসের বৈঠকের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সেই বৈঠকের আগেই পদত্যাগ পত্র পাঠান তিনি। তুলনামূলক ভালো আর্থিক সুবিধা ও জন্মভূমির হয়ে কাজ করার সুযোগ পেয়ে তা হাতছাড়া না করতেই এত দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এসএলসির সঙ্গে দুই বছরের মেয়াদ শেষ হতে প্রায় তিন মাস বাকি। এমন সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের ছেড়ে দিলেন তিনি।
ফারব্রেসের অধীনে ১৮ ম্যাচে মাত্র একটিতে হেরেছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে ১৮ বছর পর তার হাত ধরে আইসিসির বিশ্বকাপ জিতল লংকানরা।