তাইজুল ইসলামকে সবাই বোলার হিসেবেই চেনেন। কিন্তু তার ব্যাটেও যে ধার আছে তার প্রমাণ দিলেন বৃহস্পতিবার। দুর্বল পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারতে বসা মোহামেডান স্পোর্টিংকে বাঁচান তিনি। ২৩০ রানের লক্ষে খেলতে নেমে ১৫২ রানের মাথায় সপ্তম উইকেট হারালে পরাজয়ের শঙ্কা বাজে মোহামেডান শিবিরে।

অষ্টম উইকেটে নাটোরের স্পিনার তাইজুল আর রংপুরের পেসার সাজিদুল ৭৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। এরপর সাজিদ ৩৯ বলে ৩৭ রান করে আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাইজুল। তিনি ৫৭ রানে অপরাজিত থাকেন। ৫১ বলের ইনিংসে একটি ছক্কা ও একটি চার মারেন। লিস্ট এ ক্যারিয়ারে ৬৫ ম্যাচে এটি প্রথম ফিফটি তার।

পুরো ক্যারিয়ারেই এর আগে প্রথম শ্রেণির ম্যাচে একবার ফিফটি (৬৪ রান) করেছিলেন। বল হাতেও ৩৬ রানে ২ উইকেট নেয়া তাইজুলই হন ম্যাচ সেরা। আগের খেলায় ১৯০ রান করা রাকিবুল হাসান করেন ৩৪ রান। আর শ্রীলঙ্কান আসালঙ্কা করেন ৪৭ রান।

৯ খেলায় এটি মোহামেডানের ষষ্ঠ জয়। বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে বআগে ব্যাট করে পারটেক্স। পেসার কামরুল ইসলাম রাব্বিকে তুলোধুনো করলেও অপর স্পিনারদের তেমন খেলতে না পারায় রান বেশি ওঠেনি। ৪৯.৩ ওভারে ২২৯ রানে অলআউট হয় তারা। রাব্বি ৩ উইকেট পেলেও ৬.৩ ওভারে রান দেন ৫৪।

টাইমনিউজবিডি.নেট/মাহমুদ