মরিশাস ওপেন জিততে পারেননি। একটুর জন্য শিরোপা ফসকে গেছে। কিন্তু দ্বিতীয় হয়েও বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের রিও অলিম্পিক গেমসে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এবং সেই সম্ভাবনাটা নিয়ে সিদ্দিক বেশ শিহরিত।
আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে অলিম্পিক র্যাঙ্কিং দিয়েছেন তিনি। আর লিখেছেন, "সর্ব শক্তিমানের কৃপায় এবং আপনাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় আমি এখন অলিম্পিক গলফ র্যাঙ্কিংয়ের ৫৪তম স্থানে আছি। এটা চূড়ান্ত না। হিসাব মাত্র। সেরাটার আশাই করা যাক।
আগস্টে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিক গেমস বসছে। ১০০ বছর পর অলিম্পিকে ফিরছে গলফ। অলিম্পিক র্যাঙ্কিংয়ের সেরা ৬০ খেলোয়াড় গেমসে খেলতে পারবেন। সেখানে ৫৪ নম্বর মানে সিদ্দিকের সম্ভাবনা উজ্বল ভাববেন অনেকে। কিন্তু কথা আছে। আগামী ১১ জুলাই পর্যন্ত যে খেলোয়াড়রা এই ৬০ এর মধ্যে থাকতে পারবেন কেবল তারাই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবেন। এই তালিকায় এখন এশিয়ার ১৪ জন খেলোয়াড় আছেন।
রবিবার প্রথম ইউরোপিয়ান ট্যুর জেতার খুব কাছে গিয়েছিলেন সিদ্দিক। ৩১ বছরের গলফার শেষের দিকের ভুলে শিরোপাটা হাত ছাড়া করেছেন। হয়েছেন দ্বিতীয়। কিন্তু ওটাও তার সেরা অর্জন। মরিশাস ওপেনে ফর্মে ফিরেছেন তিনি। আর সেই সাথে বিশ্ব র্যাঙ্কিংয়েও হয়েছে উন্নতি। গেলো ৮ মের বিশ্ব র্যাঙ্কিংয়ে সিদ্দিক ছিলেন ৪০৬ নম্বরে। মরিশাস ওপেনের সাফল্য তাকে এক লাফে নিয়ে এসেছে ২৭৪ নম্বরে।
এআই





