ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল কলকাতা নাইটরাইডার্স। শনিবার সাকিবহীন কলকাতা ২৭ রানে হার মেনেছে দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে।

সাত ম্যাচে কলকাতার এটি তৃতীয় হার। অন্যদিকে ছয় ম্যাচে দিল্লির এটি চতুর্থ জয়। ফলে আট পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। অন্যদিকে তৃতীয় স্থানে নেমে গেছে কলকাতা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন করুন নায়ার। এছাড়া বিলিংস ৩৪ বলে ৫৪, ব্রাফেট ১১ বলে ৩৪ (তিন চার তিন ছয়), স্যামসন ১৫ রান করেন।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ২৬ রানে ও উমেশ যাদব ৩৩ রানে তিনটি করে উইকেট নেন। তিন ওভারে ২২ রান দিয়ে সুনীল নারিন নেন এক উইকেট। সাকিবের পরিবর্তে দলে ঢুকা ব্রাড হগ ৪ ওভারে ৩৯ রান দিয়েও পাননি কোন উইকেটের দেখা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৭২ রান (ছয়টি চার ও দুটি ছক্কা) করেন ওপেনার রবিন উথাপ্পা।

এছাড়া আন্দ্রে রাসেল ১৭, সুরিয়া কুমার ২১, ইউসুফ পাঠান ১০ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া আসার মধ্যে। দিল্লির হয়ে জহির খান ২১ রানে ও ব্রাফেট ৪৭ রানে নেন তিন উইকেট।

এসএম