ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে থাকছেন মিসবাহ-উল-হক। পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সারফরাজ আহমেদ থাকছেন সহকারির ভুমিকায়। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় মিসবাহ-উল-হকে’র নেতৃত্ব ও তার ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তখন অনেকেই ভেবেছিলেন মিসবাহ’র টেস্ট ক্যারিয়ার হয়তো শেষের দিকে। কিন্তু পাক নির্বাচকরা ভবিষ্যত সম্পর্কে সরাসরি মিসবাহ’র কাছে জানতে চেয়েছিলেন। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দাবী করেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার কথা মিসবাহ নিজেই নিশ্চিত করেছেন। আর সে কারণেই আরেকবার এই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই আস্থা রাখার ঘোষণা দিলেন পিসিবি নির্বাচকরা।

এদিকে আগামী এপ্রিল-মে তে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী মাসের ২২ এপ্রিল থেকে বার্বাডোজে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজের পূর্বে স্বাগতিকদের সাথে চারটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে চলতি মাসের ২৬ মার্চ বার্বাডোজে। এরপর তিনটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে উভয় দল। কিন্তু উভয় ফর‌ম্যাট থেকে অবসর গ্রহণ করায় প্রথম দুটি সিরিজে থাকছেন না মিসবাহ-উল-হক।

তবে অধিনায়ক নির্বাচন করলেও ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে সিরিজের জন্য চলতি সপ্তাহের শেষে দল ঘোষণা করবে পাকিস্তান। পরবর্তীতে টেস্ট দল ঘোষণা করবে তারা।

এ পর্যন্ত ক্যারিয়ারের ৭২টি টেস্টের মধ্যে পাকিস্তানকে সামনে থেকে ৫৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ-উল-হক। অর্জন করেছেন পাকিস্তানের অন্যতম সফল অধিনায়কের খেতাব। তার নেতৃত্বে পাকিস্তান ২৪টি ম্যাচে জয়ী হয়েছে। বিপরীতে ১৮টি ম্যাচে পরাজিত হলেও ‘ড্র’ করেছে ১১টি ম্যাচে।

নাজিব