লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক স্টিভান জেরার্ড। আগামী জুন মাসে অ্যানফিল্ড ছেড়ে যেতে পারেন বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে জেরার্ড বলেন, ‘অবশ্য আমি খেলা ছাড়ছি না। তবে এই মুহূর্তে আমি জানি না কেথায় গিয়ে নোঙ্গর করবো। শুধু এটিই বলতে পারি যে সেটি হবে অন্য কোথাও। তবে এখানকার প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাব নয়, অর্থাৎ লিভারপুলের বিপক্ষে অংশগ্রহণ করবে এমন কোনো ক্লাব নয়।’
কয়েক মাস আগে থেকেই অ্যানফিল্ডে জেরার্ডের ভবিষ্যৎটি ঝুলছিল। তিনি বলেছেন, এখন তার পরিকল্পনার কথা ঘোষণার কারণ হচ্ছে ভবিষ্যতে যেন তার বিষয় নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ায়।
১৯৯৮ সালে লিভারপুলে যোগ দেয়া এই তারকা ফুটবলার বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। যেটি নেয়ার সময় আমাকে এবং আমার পরিবারকে কষ্ট সহ্য করতে হয়েছে। আমি এখন এই ঘোষণা দেয়ার কারণ হচ্ছেÑ কেউ যেন আমার ভবিষ্যৎ নিয়ে কোনো কাল্পনিক গল্প ছড়াতে না পারে এবং যাতে আমার কোচ এবং ক্লাব কেউ এটি নিয়ে বিভ্রান্ত না হন।’
‘আমাদের জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। যে কারণে এটিকে বিদায় বলাটা বেশ কঠিন। তবে আমার মনে হয় আমার পরিবার এবং ক্লাব সবার স্বার্থের কথা বিবেচনা করলে এটির একটি গুরুত্ব রয়েছে।’
ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই অধিনাযক বলেন, ‘আমার ইচ্ছা এবং আকাংখার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্তটি সম্পূর্ণ নিজ উদ্যেগে নেয়া হয়েছে। কারণ আমি এখন আমার জীবন ও ক্যারিয়ারের ভিন্ন একটি অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি এটিও নিশ্চিত করে বলতে চাই যে, বাস্তবিক অর্থে এর ফলে আমার ক্যারিয়ারের ইতি ঘটলেও এ জন্য আমার কোনো আক্ষেপ নেই।’
জেডআই





