আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ভিন্ন গ্রহ অর্থাৎ বৃহস্পতি থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন নাইজেরিয়ার কোচ স্টিফেন কেইশি। বুধবার মেসির জোড়া গোলের সুবাদে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
'এফ' গ্রুপে থাকা নাইজেরিয়া ও আর্জেন্টিনা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়। এতে মাত্র তিন মিনিটের মাথায় এক দুর্দান্ত গোল করেন মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফ্রি-কিক থেকে এক অবিশ্বাস্য গোল করেন চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
তাই মেসির পারফর্ম্যান্স দেখে তাকে ভিন্ন গ্রহের তারকা বলছেন সুপার ঈগলসদের কোচ। কেইশি বলেন, ' আরো অনেক সেরা খেলোয়াড় আছে। তবে মেসি ভিন গ্রহের। আমি মনে করি তিনি বৃহস্পতি থেকে এসেছে।'
উল্লেখ্য, ভালো খেলে বরাবরই প্রশংসা পেয়ে আসছেন লিওনেল মেসি। তবে সে প্রশংসায় আত্মতৃপ্তিতে ভুগছেন না আর্জেন্টাইন এই তারকা। তিনি জানেন, নক আউট পর্বে হারলেই বিদায় নিতে হবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘নাইজেরিয়ার কোচকে ধন্যবাদ। কিন্তু সেটা (প্রশংসা) তেমন কিছু নয়। আমি খুব খুশি আমার টিম ভালো খেলে জিতেছে বলে। তবে একই সঙ্গে দুশ্চিন্তা। এবার নক আউট। এবার আর ভুল করলে চলবে না। ভুল করেছো তো নিশ্চিত বাড়ির টিকিট ।’
বিশ্বকাপ জেতার গুরুত্ব তুলে ধরে মেসি আরও বলেন, ‘গোটা দেশ তাকিয়ে আছে এর দিকে। কাপ জিতলে ওরা কী পরিমাণ আনন্দ পাবে ভাবতে পারছেন? তা ছাড়া, ফুটবল যেসব কারণে সুন্দর, তার মধ্যে সেরা কারণ হলো বিশ্বকাপ।’
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই // কেবি





