সেল্টা ভিগোর বিপক্ষে প্রতিশোধ নিতে রোববার মাঠে নামছে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ স্টেডিও বালাইদোসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে তাদের লড়াই।

সেল্টার বিপক্ষে ফেবারিট হিসেবে প্রথম লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে নেমেছিল কোচ লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় তারা।

এবার সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ কাতালান ক্লাবটির। বর্তমানে বেশ ফর্মেও আছে দলটি। গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে তারা।

বার্সার জন্য প্রতিশোধের ম্যাচ হলেও এনরিকের জন্য ম্যাচটি বড় আবেগের। কারণে দীর্ঘ দিন এই ক্লাবটিতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর এই প্রথম সাবেক ক্লাবের মাঠে তাদেরই বিপক্ষে দল নিয়ে লড়াই করতে যাচ্ছেন এই কোচ।

তারপরও ম্যাচটি শুধু প্রতিশোধের নয়, শীর্ষস্থান ধরে মজবুত করারও লড়াই বার্সার। কিন্তু এই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

এল ক্লাসিকোতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়াই তার জাতীয় দল দুটি ম্যাচে জয় পেয়েছে।

বৃহস্পতিবার মেসি এবং তার স্বদেশী হাভিয়ের মাসচেরানো ক্লাবে ফেরার পর বার্সেলোনার অনুশীলন মাঠে কিছুটা দৌড়ান এবং অল্প শারীরিক অনুশীলন করেন। শুক্রবার পুরো দলের সঙ্গে অনুশীলনও করেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা।

জেডআই