পাক-ভারত ম্যাচ ঘিরে কত কিছুরই না পরিকল্পনা করেছিলেন আয়োজকরা। দুই দলের সাবেক অধিনায়কদের সংবর্ধনা, বলিউড তারকাদের ঝলক- সব কিছুই ভেস্তে দিতে বসেছিল বৃষ্টি।
তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, কিছুটা দেরিতে হলেও অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ের করছে পাকিস্তান।
বৃষ্টির কারণে অবশ্য ম্যাচে দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে দুই ওভার। ১৮ ওভারের ম্যাচে পাওয়ার প্লে থাকবে প্রথম পাঁচ ওভার। সর্বোচ্চ ৪ ওভার করে বল করতে পারবেন চারজন বোলার।
ভারত-পাকিস্তান ম্যাচের টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু বৃষ্টির কারণে সেটা অনুষ্ঠিত হয়েছে পৌনে ৯টায়। মাঠ প্রস্তুত হওয়ার পর ছোট করে অনুষ্ঠিত হয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানও।
ইডেন গার্ডেনসে পাকিস্তানের পক্ষে সংবর্ধনা জানানো হয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকার ইউনুসকে। ভারতের পক্ষে সম্মান পেয়েছেন তিন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ।
দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের এই মিলনমেলার উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মাঠে ব্যাট-বলের লড়াই শুরুর আগে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে যেন ছড়িয়ে দেওয়া হলো শান্তি ও সম্প্রীতির বার্তা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করেছে পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাক ফুটে চলে গেছে স্বাগতিক ভারত।
শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য আজকের ম্যাচটি জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ শহীদ আফ্রিদির দল।
ফারুক





