ডাবলিনে প্রথম ওয়ানডেতে সাতে নেমে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে শনিবার দ্বিতীয় ম্যাচে তিনে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন সিকুগে প্রসন্ন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার আয়ারল্যান্ডের বিপক্ষে খেললেন ৪৬ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস।

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে ৩০৩ রান করে ৭৬ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে তারা। শনিবার দ্বিতীয় ও শেষ ম্যাচেও তিনশো ছাড়ানো স্কোর গড়েছে লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে কুশল পেরেরার সেঞ্চুরি, প্রসন্ন ও গুনাথিলাকার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৭৭ রান তুলেছে শ্রীলঙ্কা।

পেরেরা ও গুনাথিলাকা উদ্বোধনী জুটিতেই ২৬.২ ওভারে ১৪৭ রান যোগ করেন। গুনাথিলাকা ৭৮ বলে ৬৩ করে ফেরার পর ক্রিজে এসেছিলেন প্রসন্ন। শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর তাণ্ডব চালান ডানহাতি এই ব্যাটসম্যান।

প্রসন্ন ফিফটি পূরণ করেন ২৩ বলে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে টিম মজুরতাগের বলে বোল্ড হয়ে যান। তার ৪৬ বলে খেলা ৯৫ রানের ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চারের মার।

আর পেরেরা ১২৮ বলে ১৬ চার ও ২ ছক্কায় করেন ১৩৫ রান। এ ছাড়া পারভেজ মাহরুফ ১৬ বলে ২৯ ও অধিনায়ক ম্যাথুস ১৮ বলে ২৪ রান করেন, শ্রীলঙ্কা ওঠে রানের পাহাড়ে।

এফএফ