বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে তামিম ও সাকিবের সেঞ্চুরীর উপর ভর করে ১ম ইনিংসে টাইগাররা সংগ্রহ করেছেন ১০ উইকেটে ৪৩৩ রান।
তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। তামিম-সাকিবের শতকে বেশ ভাল অবস্থানে রয়েছে মুশফিকের দল। অলআউট হওয়ার আগে স্বাগতিকরা করেছে ৪৩৩ রান।
দিনের প্রথম সেশনে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান সতর্ক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ দুই ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় দিনের প্রথম সেশনে বেশ সুবিধাজনক অবস্থানে থাকে স্বাগতিকরা।
১১৯তম ওভারে মাসাকাদজার বলে ব্যক্তিগত ১০৯ রানে আরভিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। ৩৩২ বলে তিনি দশটি চার হাঁকান। সাকিবের সঙ্গে তিনি ইনিংস সর্বোচ্চ ১৩২ রানের জুটি গড়েন।
তামিমের বিদায়ের পর ব্যাটিং ক্রিজে আসেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। রান আউট হওয়ার আগে মুশফিক সাকিবের সঙ্গে ১৭ রানের জুটি গড়েন।
এরপর ওয়ালারের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ১৮০ বলে ১৮টি চার আর ২টি ছয় হাঁকিয়ে তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন তিনি। তবে, আউট হওয়ার আগে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন সাকিব।
সাকিবের বিদায়ের পরে ব্যক্তিগত ১৫ রান করে শুভাগত হোম ওয়ালারের বলে চারির তালুবন্দি হন।
চা পানের বিরতির আগে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ৪০৬ রান। ব্যাটিং ক্রিজে ছিলেন শাহাদাত হোসেন (৪ রান) এবং তাইজুল ইসলাম (২১ রান)। বিরতি থেকে ফিরে ব্যক্তিগত ৩২ রান করে চাতারার লাফিয়ে উঠা বলে খোঁচা মেরে স্লিপে দাঁড়ানো মাসাকাদজার তালুবন্দি হন তাইজুল। আউট হওয়ার আগে শাহাদাতের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন তৃতীয় ম্যাচ খেলতে নামা তাইজুল।
শাহাদাত ১৮ রান করে চাতারার দ্বিতীয় শিকার হয়ে এমশ্যাংউইয়ের হাতে ক্যাচ তুলে দেন। এছাড়া শেষ উইকেটে বড় কোনো জুটি করতে না পারলে ৪৩৩ রানে অলআউট টাইগাররা।
আগের দিনের ৩ উইকেটে ১৯৩ রান তোলার পর মঙ্গলবার অপরাজিত থাকা তামিম ৭৪ রানে আর সাকিব ১৩ রানে দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু করেন।
এর আগে প্রথম দিন প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে আউট হয়েছেন মাহামুদুল্লাহ (৫৬ রান)। এছাড়া ওপেনিংয়ে নামা শামসুর রহমান করেছিলেন ২ রান এবং মুমিনুল হক করেছিলেন ৩৫ রান।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, হ্যামিলটন মাসাকাদজা, নাতসাই এমশ্যাংউই, টিনাশে পানিয়াঙ্গারা, ও ম্যালকম ওয়েলার।
উত্তাপ ছড়ানো ঢাকা টেস্টে তিন উইকেটে জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে মুশফিকবাহিনী। খুলনা টেস্টে জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।
এসএইচ





