কয়েক ঘণ্টা পরই খেলা শুরু হবে। সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
এবার দেশের মাটিতে শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এর পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেন তারা। টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগাররা।
স্বভাবতই সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। উপরন্তু রয়েছে ধুম-ধাড়াক্কা ক্রিকেটের বাড়তি বিনোদন-উন্মাদনা। তবে আগ্রহী দর্শক-সমর্থকদের জন্য দুঃসংবাদ। হঠাৎ টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।
এদিন সকাল থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির নিজস্ব বুথে টিকিট বিক্রি হচ্ছিল। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরে তা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রাণঘাতী এ রোগের হাত থেকে সাবধান থাকতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। সেখানে এত মানুষের সমাগম হলে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত কেউ থাকলে তার থেকে বিস্তার লাভ করতে পারে। এ সম্ভাবনাও প্রকট। সে জন্যই এমন সিদ্ধান্ত।
এরই মধ্যে দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ১০০-১০০০ টাকা। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৩০০ এবং ভিআইপি স্ট্যান্ডের দাম ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। আর গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সবচেয়ে বেশি, ১০০০ টাকা।
এমআর





