জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেতে আর তিন উইকেট দরকার বাংলাদেশের। বিপরীতে জয়ের জন্য ৭৪ রান দরকার সফরকারীদের। তাদের হাতে আছে মাত্র ৪৫ বল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন পানিয়ানগারা (৫) ও নাইম্বু (০)।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন প্রথম ম্যাচের মতো ধুম-ধাড়াক্ক ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই মাশরাফি ঝড়ের কবলে পড়ে তারা।

মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর দলীয় ৩৭ ও ৪০ রানে হারায় আরো দুই উইকেট। তিনটি উইকেটই নেন মাশরাফি। হ্যামিল্টন মাসাকাদজা ও সিবান্দাকে বোল্ড করার পর সিকান্দার রাজাকে সাহায্য করেন ক্যাচ তুলে দিতে। আর সেটা তালুবন্দী করতে ভুল করেননি মাহমুদুল্লাহ। আরাফাত সানির বলে তার হাতেই ক্যাচ তুলে দেন ব্রেন্ডন টেইলর।

৫০ রানে চার উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরেন সলোমোন মিরি ও চাকাভবা। তারা দু'জন গড়ে তোলেন ৬৫ রানের জুটি। কিন্তু এবার আল আমিনের বলে ক্যাচ তুলে দেন ৩২ রান করা চাকাভবা। আর সেটা তালুবন্দী করেন মাশরাফি।

সাকিবের বলে আরাফাত সানির হাতে ক্যাচ তুলে দেন হাফ-সেঞ্চুরি করা মিরি। মাঠ ছাড়ার আগে ৭৯ বলে দুটি চারের সুবাদে ৫০ রান করেন তিনি।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫১ রান করে বাংলাদেশ।

জেডআই