আইপিএলে গুজরাট লায়নসের সঙ্গে বাঁচা-মরার ম্যাচে মুস্তাফিজকে ছাড়াই জয় তুলে নিল ওয়ার্নার। সেই সঙ্গে এবারের আসরে ফাইনালে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫৮ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস ফাইনালে তুলে দেন দলকে। এর আগে অ্যারন ফিঞ্চের ৩২ বলে ৫০, ব্রেন্ডন ম্যাককালামের ২৯ বলে ৩২ রানে ভর করে ১৬২ রান করে গুজরাট।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে সুরেশ রায়নার গুজরাটকে চার উইকেটে হারিয়েছে হায়দারাবাদ। পাঁচ বল বাকি থাকতেই ১৬৩ রানের লক্ষ্য টপকে যায় টম মুডির শিষ্যরা।
মুস্তাফিজুরের জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান ট্রেন্ট বোল্ট। তিন স্পেলে চার ওভারে ৩৯ রানের বিনিময়ে গুজরাট দলপতি সুরেশ রায়নার (১) উইকেট নেন নিউজিল্যান্ড পেসার। পাশাপাশি ওপেনার একলাভইয়া দ্বিবেদীর (৫) ক্যাচ ও দিনেশ কার্তিককে (২৬) রান আউটের ফাঁদে ফেলেন বোল্ট।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান ওয়ার্নার। ভুবনেশ্বর-স্রান-বেন কাটিংরাও অধিনায়কের আস্থার প্রতিদান দেন। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের (৩২ বল) কার্যকরী ইনিংস খেলেন মিডল অর্ডারে নামা অ্যারন ফিঞ্চ। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২। ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে বিদায় নেন ডোয়াইন ব্রাভো। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।
সানরাইজার্স বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও বেন কাটিং দু’টি করে উইকেট লাভ করেন। বোল্ট ও বাঁহাতি স্পিনার বিপুল নেন একটি করে। ছয় বোলারের মধ্যে শুধুমাত্র ভুবনেশ্বর ও বোল্ট চার ওভারের কোটা পূরণ করেন।
বারিন্দার স্রান ৩ ওভারে ২৮ ও ময়েজেস হেনরিকস সমান ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এক ওভার করে কম করা শর্মা ২১ ও ২০ রান দিয়ে সবচেয়ে কৃপণ বোলার থাকেন অজি অলরাউন্ডার কাটিং।
২৯ মে রবিবার আইপিএলের নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব। নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
এমই





