রাজশাহী কিংস’র বিপক্ষে ৮৩ রানের জয়ে আসরের প্রথম ম্যাচে ফেভারিটের মতোই শুরু করেছে ঢাকা ডায়নামাইটস।
দেশী-বিদেশী অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে দলগড়েছে ঢাকা ডায়নামাইটস। ডায়নামাইটস -এর অধিনায়ক সাকিব আল হাসানের বিপরীতে রাজশাহী কিংসদের অধিনায়ক মেহেদী মিরাজ। বলা যায়, ঢাকার অভিজ্ঞ খেলোয়াড়দের বিপরীতে তারুণ্যে ভরা একটা দল নিয়ে নেমেছে রাজশাহী কিংস।
আজ (০৫ জানুয়ারি) শনিবার বিপিএল’র উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কিংস অধিনায়ক। এই ম্যাচ দিয়ে বিপিএল’র ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়কের খাতায় নাম লেখান মিরাজ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু ডায়নামাইটসের দুই ওপেনার হজরতুল্লাহ জাযাই আর সুনীল নারিনের। এই জুটিতে দুজন মিলে করেন ১০ ওভার ৪ বলে ১১৬ রান।
আফগান ব্যাটসম্যান হযরতুল্লাহ খেলেন ৪১ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি চার আর ৭টি ছয়। আরেক ওপেনার সুনীল নারিনও রান তুলেন দ্রুত। তার ব্যাটে আসে ২৮ বলে ৩৮ রান। ছিল ৪টি চার আর ২টি ছয়।
দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারের ব্যর্থতায় রানের চাকা ধীর হয়ে গেলে হাল ধরেন আন্দ্রে রাসেল আর শুভাগত হোম। আন্দ্রে রাসেলের ১৯ বলে ২১ আর শুভাগত হোমের ১৪ বলে ৩৮ রানে ভর করে ২০ ওভারে ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।
রাজশাহী কিংস’র হয়ে আরাফাত সানি নেন সর্বোচ্চ ২ উইকেট। ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ, কায়েস আহমেদ ও মোহাম্মদ হাফিজ।
১৯০ রানের লক্ষ্য টপকাতে গিয়ে যেন দিশেহারা হয়ে পড়ে রাজশাহী কিংসের ব্যাটসম্যানরা।
ওপেনার মোহাম্মদ হাফিজের ২৮ বলে ২৯ রান ছাড়া বাকি ৯ ব্যাটসম্যানের কেউই পার করতে পারেননি দশ রানের কোটা।
রুবেল হোসেনের ৩ উইকেট, মোহর শেখের ২ উইকেট আর ১টি করে উইকেট নেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান ও কাইরন পোলার্ড।
ঢাকা ডায়নামাইটসদের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহীর কিংসরা। ৮৩ রানের জয়ে আসরের প্রথম ম্যাচে ফেভারিটের মতোই শুরু ডায়নামাইটসদের।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ (জাজাই ৭৮, নারিন ৩৮, পোলার্ড ৩, সাকিব ২, রাসেল ২১*, নুরুল ১, শুভাগত ৩৮*, ; মিরাজ ১/৩৮, মোস্তফিজ ০/২৭, আলাউদ্দিন ০/৫৩, কাইস ১/২৯, হাফিজ ০/১৫, ২/২৩)
রাজশাহী কিংস: ১৮.১ ওভারে ১০৬ (হাফিজ ২৯, মুমিনুল ৮, সৌম্য ৪, লুইস ১০, জাকির ২, জঙ্কার ১, মিরাজ ১, আলাউদ্দিন ৭, কাইস ৯ , সানি ১৮, মোস্তাফিজ ১১* ; রাসেল ১/১২, মোহর ২/২৪, সাকিব ১/১১, রুবেল ৩/৭, নারিন ০/১৪, শুভাগত ১/১৬, পোলার্ড ১/২২)
ফল: ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী।
এমবি





