গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো। সোমবার প্রথমার্ধে কোনো গোলের মুখ না দেখলেও শেষ মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল পায় দলটি। তবে এরপর একটি গোল শোধ করে দেয় ক্রোয়েশিয়া।

প্রথমে রাফা মার্কেজ ও আন্দ্রেজ গুয়ার্দাদোর করা পরপর দুই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী রাউন্ড নির্ধারণী ম্যাচে অনেকখানি এগিয়ে যায় মেক্সিকো। ৭২ মিনিটের মাথায় হেক্টর হেরেরার কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে ক্রোয়েশিয়ানদের জালে জড়ান মার্কেজ।

আর ৭৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গিয়ে ক্রোয়েশিয়ানদের বিমর্ষ করে গোল উদযাপন করেন আন্দ্রেজ গুয়াদার্দো। সর্বশেষ আঘাত করেন জাভিয়ের হার্নান্দেজ। ৮২ মিনিটের মাথায় গোল উদযাপন করেন এ মেক্সিকান।

খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে একটি গোল শোধ করতে পারে ক্রোয়েশিয়া। ৮৭ মিনিটে দলের হয়ে এই গোলটি করেন আইভান পারিসিচ। কিন্তু এর দুই মিনিট পর আরেকটি ঝড় আসে ক্রোয়েশিয়ার উপর। ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসা অ্যান্টি র‌্যাবিচ।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট অর্জন করে মেক্সিকো। ব্রাজিলের সমান পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬তে জায়গা পায় দলটি। নক আউট পর্বে গত আসরের রানার্স-আপ ও বি গ্রুপের সেরা দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মধ্য আমেরিকার দেশটি।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//জেডআই