আলোচনা-সমালোচনার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন মুমিনুল হক। গতকালই জাতীয় দলের এই বাঁ হাতি ব্যাটসম্যানকে বাদ দিয়ে প্রশ্নবানের সামনে পড়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

তাঁকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই দলে ফিরলেন মুমিনুল।

মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের চোখের সংক্রমণ না সারায় বাদ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলে ফেরানো হলো তাঁকে।

আজ রোববার বিসিবির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের। কিন্তু দু’টি টেস্টে খারাপ করার কারণে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছিল।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয় তাঁকে। তবে ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের চোখের সমস্যা, সেটি হতে দিল না।

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৭ আগস্ট মিরপুরের শেরে বাংলায় শুরু হবে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

এমবি