কষ্ট-সংগ্রামের ভাষা, শিল্পচার্য জয়নুল আবেদীন। শিল্পচার্য জয়নুল আবেদীন একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। তার ৪০তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তাঁর শৈল্পিক এবং দূরদর্শী বৈশিষ্ট্যের কারণে তিনি বাংলাদেশে শিল্পাচার্য নামে পরিচিত ছিলেন। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামই ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্মের প্রধান উপজীব্য বিষয়।
জয়নুল আবেদীন ১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য সারা বিশ্বের কাছে খ্যাতি লাভ করেন। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে- ১৯৫৭-এ নৌকা, ১৯৫৯-এ সংগ্রাম, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে 'নবান্ন', ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী চিত্র।

১৯৪৩ সালেই দুর্ভিক্ষে সমগ্র বাংলাজুড়ে বিপুল জনগোষ্ঠীর জীবনকে বিপর্যস্ত করে দেয়। দুর্ভিক্ষের বিপর্যয়কে তিনি দেখেছেন কলকাতার ফুটপাতে মানবতার চরম লাঞ্ছনার চিত্র রূপে। অনাহারে আর অপুষ্টিতে মারা যায় লাখ লাখ মানুষ। তাঁর চেনা পূর্ব বাংলার গ্রামের কিষানকে, লাজনম্র পল্লিবধূকে রাস্তায় উদ্বাস্তু-বে-আব্রু হয়ে কুকুর-বিড়ালের মতো মরতে দেখে নির্মম ও উদাসীন নাগরিক সভ্যতার প্রতি তীব্র ধিক্কারে আন্দোলিত হয়েছিলেন জয়নুল।

১৯৫৭ সালে ‘নৌকা’ চিত্রটিতে জলরঙ্গের পশ্চাদপটটি দর্কদের প্রদত্ত সাক্ষরে ভরে তুলেন এবং উপমহাদেশে মিথস্ক্রিয়া শিল্পের (interactive art) সূচনা করেন।
১৯৬৯ সালে জয়নুল আবেদিন ৬৫` ফুট দৈর্ঘ্যের বিশাল ম্যুরাল সদৃশ চিত্রকর্ম 'নবান্ন' আঁকেন। নবান্ন’ চিত্রটিতে তিনি তুলে ধরেন কৃষকের দুঃখ কষ্ট স্বপ্নের সামগ্রিক রুপ। ঐশর্যশালী সূখী জীবন কিভাবে ঔপোনিবেশিক শোষনে নিষ্পেষিত হয়ে দৈন্যের চরম সীমায় পৌঁছে তাঁর ইতিহাসও ফুটে ওঠে এই চিত্রে।
নবান্ন’ চিত্রের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হল এই ছবিটিকে ঐক্যের দলিলে পরিণত করার জন্য এর ফাঁকা স্থানগুলোতে প্রদর্শনীতে আসা দর্শকদের সাক্ষর নিয়ে রাখা হয়। এভাবে ছবিটি ‘উভয় বাংলার আধুনিক চিত্রকলার ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করে’।

১৯৭০ সালে ৩০`ফুট দীর্ঘ মনপুরা-৭০ চিত্রকর্মটি তৈরি করেন জয়নুল আবেদিন। বিরাট উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া প্রাকৃতিক প্রলয়ের সার্বিক উপলব্ধি উঠে এসেছে এই ছবিটি। গোলাকার গ্যালারি প্রাচীরের অন্তঃপরিধি সংলগ্ন করে উপস্থাপিত এ চিত্রটি হেঁটে হেঁটে পর্যবেক্ষণের সময় দর্শকদের মনে সরেজমিনে বীভৎস পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র ফুটিয়ে তোলে।
শিল্পকর্ম ও দর্শক এ দুয়ের মাঝে ‘শূণ্য তলাট’-এর সম্পর্ক তৈরিকারী আজকাল যে ‘ইন্সটলেশন’ধর্মী কাজগুলো দেখা যায় তার সঙ্গে অর্ধশতাব্দী আগে জয়নুলের করা শিল্পকর্মের সাদৃশ্য পাওয়া যায়।
শিল্পচার্য জয়নুল আবেদীন ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। ২৯ ডিসেম্বর১৯১৪ সালে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত ময়মনসিংহ জেলায় তার জন্ম হয়।

জন্ম ও শিক্ষাজীবন: জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার বর্তমানে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা। মা জয়নাবুন্নেছা গৃহিনী। নয় ভাইবোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়।
খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফলসহ আরও কত কি এঁকে মা-বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র ষোল বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু মাত্র কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য।
কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের মন বসছিল না। তাই ১৯৩৩ সালে মাধ্যমিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখার বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুপ্রেরণায় তিনি গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন।
তাঁর মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখন আর্ট স্কুলে ভর্তি করান। পরবর্তীতে ছেলে জয়নুল আবেদিনও মায়ের সেই ভালবাসার ঋণ শোধ করেছেন দেশের স্বনামধন্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে।
জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। ১৯৩৮ সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন: বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রথমেই যার নাম বলতে হয় তিনি হলেন জয়নুল আবেদীন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানে একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ বাড়িতে মাত্র ১৮ জন ছাত্র নিয়ে গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। জয়নুল আবেদীন ছিলেন এ প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক।
১৯৫১ সালে এটি সেগুনবাগিচার একটি বাড়িতে স্থানান্তরিত হয়। ১৯৫৬ সালে গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট শাহবাগে স্থানান্তর করার পর ১৯৬৩ সালে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পায়। তখন এর নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয় নামে এবং স্বাধীনতার পর বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় নামে।
তিনি ১৯৬৬ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালের ১লা সেপ্টেম্বর এই সরকারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। জয়নুল আবেদীন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা গড়ে তোলেন।
দীর্ঘ ছ’মাস ফুসফুসের ক্যান্সারে ভুগে ১৯৭৬ সালের ২৮ মে মাত্র ৬২ বছর বয়সে এদেশের এক মহান শিল্পী জয়নুল আবেদিন মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে শায়িত জয়নুল আবেদিনের কবর।
ব্যক্তিগত জীবনে জয়নুল আবেদীন জাহানারা আবেদীনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। জয়নুল আবেদিন ছিলেন তিন পুত্রের জনক। তাঁর জ্যেষ্ঠ পুত্র সাইফুল আবেদিন (টুটুল) স্থপতি। দ্বিতীয় পুত্র খায়রুল আবেদিন (টুকুন), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে এম.এ এবং কনিষ্ঠ পুত্র মঈনুল আবেদিন (মিতু) প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পানি-সম্পদ প্রকৌশল বিদ্যায় স্নাতক।
তাঁর অসাধারণ শিল্প-প্রতিভা এবং তাঁর মহত্ মানবিক গুণাবলির জন্যে তিনি দেশে ও বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, সরকার এবং জনগণের কাছ থেকে পেয়েছেন সম্মান। রাষ্ট্রীয় আমন্ত্রণে তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন।
এমবি





