দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ও পরমানু শক্তিধর দেশ ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন বারাক ওবামা।
আজ (সোমবার) ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতেই মূলত গতকাল (রোববার) তিন দিনের সফরে ভারতে পৌঁছান ওবামা।
নয়াদিল্লির ঐতিহাসিক ‘রাজপথে’ প্রজাতন্ত্র দিবসের এ অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে আছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেখানে এই প্রথম টানা প্রায় দুই ঘণ্টা জনসমক্ষে খোলা আকাশের নিচে দেখা গেল ওবামাকে।

এর আগে, ‘বিস্ট’ নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমোজিন গাড়িতে চড়ে ‘রাজপথে’ আসেন ওবামা। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁদের স্বাগত জানান মোদি।
এ সময় সেখানে উপস্থিত লোকজন উল্লাসধ্বনি দেন। প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করছেন ওবামা দম্পতি।

চুইংগাম চিবিয়ে আলোচনায় ওবামা
এদিকে, ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চুইংগাম চিবিয়ে আলোচনায় এসেছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নয়াদিল্লির ঐতিহাসিক ‘রাজপথে’ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালে ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যায়, মোদি ও ওবামা পাশাপাশি বসা। ওবামাকে কিছু একটা ব্যাখ্যা করছেন মোদি। এসময় ওবামাকে তাঁর মুখ থেকে চুইংগাম সরাতে দেখা যায়।
ওবামার চুইংগাম সরানোর ওই ছবি ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে বসে চুইংগাম চিবানোর ঘটনা ওবামার জন্য নতুন নয়। এর আগেও এমন দৃশ্য দেখা গেছে।
কেবি





