রোববার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশনের উত্তর পাশে সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত ইমাম হোসেন (৩৮) উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার মৃত শামশুল আলমের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় চকরিয়া পৌরসদরের চিরিংগা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ওসি পরিদর্শক আরিফুল আমিন জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।