শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল।
গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় তিনি হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এবং তার ডান পা ভেঙে যায়।
তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
এদিকে আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস